দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, দুর্নীতি একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি। একুশের মূল শিক্ষা হলো— সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা। সকলের সমান মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই এই চেতনার মূল উদ্দেশ্য।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
টিআইবির নাম বাংলায় না থাকা প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি একটি আন্তর্জাতিক সংস্থা, যার নাম বিশ্বব্যাপী স্বীকৃত। ভাষা আন্দোলনের চেতনা কখনোই অন্য ভাষাকে বর্জনের কথা বলেনি। বরং এটি সব ভাষার মর্যাদা ও চর্চার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশেও বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে, তাদের ভাষার অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আজ যখন আমরা ভাষার অধিকারের কথা বলি, তখন তা কেবল বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শব্দবন্ধটি কোথা থেকে এসেছে? এর মূল অর্থই হচ্ছে—প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, আমি মনে করি, সব মানুষের সমান অধিকার এবং নির্বিঘ্নে ভাষা চর্চার পথের অন্তরায়গুলো আমাদের চিহ্নিত করতে হবে। আর এই পথের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত