
ডেস্ক রিপোর্ট : দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
রিটকারীর আইনজীবী বলেন, ‘শামিম আহমেদ, উনি ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির একজন মনোনীত প্রার্থী। উনি নাহিদ ইসলামের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেছেন। তিনি ওনার (নাহিদ) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যে, নাহিদ ইসলাম একজন দ্বৈত নাগরিক, যিনি এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাতারাতি কমনওয়েলথ অব ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনি হলফনামায় তা তিনি গোপন করেছেন।’
ঢাকা-১১ আসনটি গুলশান ও সবুজবাগ এলাকার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
রাজধানীর ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা
এ আসনে প্রার্থীর তালিকায় রয়েছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো নাহিদ ইসলাম, স্বতন্ত্র কোহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত