খুলনা (১ এপ্রিল)
খুলনা মহানগরীর অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকিতে দিনব্যাপী পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। নগরবাসীর জলাবদ্ধতা ও দুর্ভোগ কমাতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
আজ বুধবার (০১ এপ্রিল) সকালে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের এন দাস লেন এলাকায় বিনোদিনী হাসপাতাল থেকে বানিয়া খামার পর্যন্ত ড্রেনের পেড়ি-মাটি উত্তোলন (ড্রেন উন্নয়ন) কার্যক্রম পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন প্রশাসক মঞ্জু। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরবর্তীতে ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী রোড থেকে রূপসা পর্যন্ত নির্মাণাধীন ড্রেন প্রকল্প পরিদর্শন করেন। চলমান এই ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নগরবাসীর ভোগান্তি কমাতে সময়মতো এবং মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে।”
এরপর ৩১ নম্বর ওয়ার্ডে ক্ষেত্র খালী খাল থেকে লবণচড়া সুইস গেট পর্যন্ত খাল উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন প্রশাসক। খালের পানিপ্রবাহ সচল রাখা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক মঞ্জু বলেন, নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধি করতে ধারাবাহিকভাবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের দুর্ভোগ লাঘবই এ সকল উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ও মোঃ ওয়াহিদুজ্জামান সহ সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান এসব উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে খুলনা নগরীর জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে এবং নাগরিক জীবন হবে আরও স্বস্তিদায়ক।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত