
জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন ৬ নং ঘাট এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক কারবারের দুই লক্ষাধীক টাকাসহ পাঁচ জন গ্রেফতার হয়েছে। রোববার ভোর রাতে নৌবাহিনীর সদস্যদের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে।
খুলনা সদর নৌ কন্টিনজেন্টের ওই এলাকার কয়লার ডিপো বস্তিতে পরিচালিত অভিযানে এক হাজার ৩শ’ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি ৭শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় তিনটি মোবাইল, একটি ডিজিটাল নিক্তিসহ মাদক কারবারের নগদ দুই লাখ ৩৭ হাজার ৩শ’৬৫ টাকা জব্দ করা হয়। তখন রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম এবং হোসনে আরা বেগম নামে পাঁচ জন গ্রেফতার হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গত রাতে দৈনিক জন্মভূমিকে বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাহিনীটির ৫ হাজার নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। সংশ্লিষ্ট সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

