জন্মভূমি রিপোর্ট : নগরীর শেরএ বাংলা রোড এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নি দুর্ঘটনায় চারটি মোটর সাইকেল ও একটি বাই সাইকেল পুড়ে গেছে। এতে আনুমানিক ৬ লাখ ১০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
সূত্রমতে, বিকেল ৫ টার দিকে ১৭০ শের এ বাংলা রোডের ওই বহুতল ভবনের নিচ তলার গাড়ীর গ্যারেজে আগুন লাগে। কিছুক্ষনের মধ্যেই কালো ধোঁয়ায় আশ-পাশ আচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বয়রা সদর ও টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২৮ জন অগ্নি নির্বাপন কর্মী তিনটি পানিবাহী গাড়ী এবং দুইটি পাম্পবাহী গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌছান। তারা ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এর আগে ভবনটির উপরের চার তলার বাসিন্দারা আগুন ও ধোঁয়ার কারণে ভয়ে আর্তচিৎকার করছিলেন। তাদেরকে অগ্নি নির্বাপন কর্মীরা মই দিয়ে নিচে নেমে আসার ব্যবস্থা করেন। এই দুর্ঘটনায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি থেকে বাঁচানো সম্ভব হয়েছে বলে গত রাত ৮ টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে দায়িত্বরত মোঃ আব্দুল কাদির জানিয়েছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত