
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স (৫৫) বছর। নিহত শরিফুল যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে লাশটি রেল ব্রিজের দক্ষিণ পাশে বিলে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন,মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

