খুলনা (২ এপ্রিল)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপির নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণামূলক কার্যক্রম না চালাতে জরুরি নির্দেশনা জারি করেছে খুলনা মহানগর বিএনপি।
গতকাল বুধবার রাতে বিএনপির মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার, লিফলেট, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে উল্লিখিত নেতাদের নাম বা ছবি ব্যবহার থেকে সকল নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিরত থাকতে বলা হয়েছে।
এছাড়া ইতোমধ্যে খুলনা মহানগরীর ভেতরে এ ধরনের কোনো প্রচারণা চালানো হয়ে থাকলে আগামী ৩ দিনের মধ্যে, অর্থাৎ ৪ এপ্রিল শনিবার রাত ১২টার পূর্বে নিজ দায়িত্বে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এ নির্দেশনা প্রদান করেন।
তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মহানগরীর আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিষয়টি তদারকির জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সতর্ক করলেন হুইপ
এদিকে অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিজের নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো কিংবা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে প্রভাব বিস্তারের চেষ্টা না করতে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
মহানগর বিএনপির মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এছাড়া তাঁর বাসা বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পাশে দাঁড়িয়ে তোলা ছবি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হুইপ আরও বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলকে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতির শিকার হলে নির্ধারিত মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৫-০০১৯৫৫) অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত