
জন্মভূমি ডেস্ক : মুসলিম কমিউনিটির আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি দেয়া হয়েছে। শনিবার (২৬ আগস্ট) নিউ ইয়র্কের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ এই অনুমোদন দেয়।
জানা গেছে, নিউ ইয়র্ক রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথায়ও উচ্চ আওয়াজ বা মাইক ব্যবহার করা নিষিদ্ধ। সেই কারণে ফজর এবং এশা ব্যতীত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজান উচ্চস্বরে দেয়া যাবে।
কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, এই তিন সময়ের আজানেও সাউন্ড লিমিট মানতে হবে। সেই সাথে প্রতিবেশী কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়টিকেও দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে।
এর আগে এবছর পবিত্র রমজান মাসে ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মসজিদে প্রথমবারের মতো শোনা যায় উচ্চস্বরে আজানের ধ্বনি।
এদিকে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবের জোয়ার বইছে। তারা বলছেন- ইসলাম ধর্মের অন্যতম ফরজ হলো নামাজ। সেই নামাজের আহ্বানে যে সুমধুর আজান দেয়া হয় তা এখন প্রকাশ্যে দেয়া যাবে, যা খুশির খবর।

