জন্মভূমি ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগের এবং পরের পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নজর রাখবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন ইইউর বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ইইউর বিশেষ প্রতিনিধি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনের আগে ও পরে মানবাধিকারসহ সব ধরনের পরিস্থিতি নজরে রাখবে ইইউ। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। আমরা সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান বলেও মন্তব্য করেন ইমন গিলমোর।
সম্প্রতি নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশ সফর করে যাওয়া ইইউর স্বাধীন বিশেষজ্ঞ দল প্রসঙ্গে গিলমোর বলেন, ইইউর প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল সফর শেষে ব্রাসেলসে প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইইউর বিশেষ প্রতিনিধি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত