
আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে দুই উপজেলার বিএনপির স্থানীয় রাজনীতিতে পরিবর্তন এসেছে। দুইটি উপজেলার বিএনপির নেতা কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। উপজেলার শীর্ষ স্থানীয় নেতাকর্মীদেরকে বহিস্কার ও নতুন কমিটি দেয়ায় এই জটিলতা দেখা দিয়েছে। এই আসনে বিএনপির আসন সমঝোতার প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের কোন প্রার্থী না দেয়ায় নির্বাচনী আমেজের চেয়ে ব্যক্তি কেন্দ্রিক জটিলতা দেখা দিয়েছে। আসন সমঝোতার পর বিগত ১৮ দিনের ব্যবধানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েকটি কমিটি বিলুপ্ত,বহিস্কার ও নতুন আহবায়ক কমিটি ঘোষনা করায় দুই উপজেলার নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনটি মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটের দূর্গ হিসাবে পরিচিত। এই আসন থেকে এখন পর্যন্ত বিএনপির ধানের শীষের কোন প্রার্থী জয়লাভ করতে পারেনি। চলতি নির্বাচনে এই সুযোগটাও হাত ছাড়া হয়ে গেল। আসন সমঝোতার কারনে এবার জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মনোনয়ন পেয়েছেন। তিনি তার দলীয় প্রতীক ট্রাক মার্কা নিয়ে প্রচার প্রচারনা করছেন। অপরদিকে দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন মনোনয়নপত্র সংগ্রহ করে দলের নির্দেশ উপেক্ষা করে জনগনের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। হাসান মামুন বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।
বহুল আলোচিত পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের কোন প্রার্থী না থাকায় বিএনপির নেতা কর্মীরা বিভক্ত হয়ে যাওয়ায় নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রভাব ফেলেছে। বিএনপির হাই কমান্ড থেকে দলের নির্দেশ অনুযায়ী নুরুল হক নুরের ট্রাক মার্কায় কাজ করার জন্য বলা হয়। দশমিনা ও গলাচিপা উপজেলায় বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করা পরও নেতাকর্মীরা একত্র হতে পারেনি। বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষে বিএনপির বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে। তবে দুই প্রার্থীর জন্যই ভোট ব্যাংক হিসাবে পরিচিত আওয়ামী লীগের সমর্থকদের ভোট প্রয়োজন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ট্রাক প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। অপরদিকে বিদ্রোহী প্রার্থী হাসান মামুন তার ঘোড়া মার্কায় ভোট প্রদানের জন্য দুই উপজেলার ভোটারদের কাছে ছুটে চলছেন। তবে প্রচার ও প্রচারনা তুঙ্গে থাকায় দুই উপজেলায় নির্বাচনের আমেজ বিরাজ করছে। নির্বাচনে বিজয়ের হাসি কে হাসবেন তা বলা মুশকিল।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত