
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালি বাজারে সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল বাজারে গিয়ে পথসভায় রূপ নেয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, দেশের মানুষ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যে অতিষ্ঠ। ন্যায়বিচার, সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ ইসলামী নেতৃত্বের দিকে তাকিয়ে আছে।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ে অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি গড়ইখালি ও পাইকগাছা অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, কৃষক ও মৎস্যজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সংসদে পৌঁছানোর সুযোগ পেলে এই অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার করেন।
পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, জামায়াতে ইসলামের পাইকগাছা পৌরসভার নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলাম, গড়ইখালি ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরদারসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

