
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার ঘাষ্টিয়া গ্রামে হারির টাকা না পেয়ে জমির সীমানায় নেটজাল দিয়ে ঘিরে জমি বের করে নেওয়ায় জমির মালিক স্বামী- স্ত্রীকে মারপিট, কামড়ে জখম, শ্লীলতাহানি ও জীবন নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। গুরুতর আহত মজিদ মোল্যাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারানাশপুর গ্রামের মজিদ মোল্যার স্ত্রী আছমা খাতুন বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, ঘাস্টিয়া বিলে মজিদ মোল্যার ৩ শতক জমি ডিড নিয়ে আরও জমির সাথে আসামি ঘাষ্টিয়া গ্রামের বাসু সরকারের ছেলে দীপক সরকার মৎস্য চাষ করে আসছেন। বাদীদের জমির হারির টাকা পরিশোধ না করে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছিল। বাধ্য হয়ে জমি মেপে দেওয়ার কথা বললে আসামি বাদী ও তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছিল। বাধ্য হয়ে তারা গত ২ জুলাই সকাল ৯টার দিকে তাদের ৩ শতক সম্পত্তি সীমানা নির্ধারন পূর্বক নেটজাল দিয়ে ঘিরে নেয়। কাজ শেষে তারা বাড়ি ফেরার পথে মোঃ মনিরুল মেম্বরের বাড়ির সামনে আসলে মারপিট করে। স্বামীর ডান হাতের মধ্যমা আঙ্গুল কামড়ে জখম করে এবং জামার পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। ঠেকানোর চেষ্টা করলে ধাক্কা মেরে ফেলে দেয় এবং শ্রীলতাহানী ঘটায়। তাদের চিৎকার চেচামেচিতে আশপাশের লােকজন ঘটনাস্থানে পৌঁছালে খুনের হুমকি দিয়ে চলে যায়। তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।