
জন্মভূমি ডেস্ক : তফসিল ঘোষণার পর শনিবার (১৮ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ দিন সকাল সোয়া ১০টায় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রথম দিনে সর্বমোট ১ হাজার ৬৪টি মনোনয়ন বিক্রি করেছে দলটি।
এ দিন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট ১ হাজার ৫০ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। যা থেকে দলটির আয় হয়েছে আয় ৫ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে ও অনলাইন থেকে মনোনয়ন কিনেছেন ১৪ জন।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এসব তথ্য জানান তিনি।
তিনি জানান, প্রথম দিনে ঢাকা বিভাগে ২১৩টি, চট্টগ্রাম বিভাগে ১৯৮টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৬৯টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।
এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।
জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে বলেছি, আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ— দুইভাবে নির্বাচন করবে। তবে কোন আসনে জোটবদ্ধ, আর কোন আসনে এককভাবে দলীয় প্রার্থী দেওয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানানো হবে।
শুক্রবার (১৭ নভেম্বর) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

