
জন্মভূমি ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা পারস্পরিক আস্থা সংরক্ষণ করে আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ছয় সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি, আমাদের উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, প্রার্থীদের কাছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। এটাও স্পষ্ট করে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আছেন তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তারাই যদি তাদের প্রতি পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন করাটা দুরূহ হয়ে পড়বে। আমাদের এই বার্তাটা সব প্রার্থীর কাছে স্পষ্ট করে দিয়েছি।
হাবিবুল আউয়াল বলেন, প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন তারা অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।
এর আগে সকাল ১০টায় মতবিনিময় সভা শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এদিকে প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা।

