
ক্রীড়া প্রতিবেদক : দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার ফিফা র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৯২ থেকে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। বৃহস্পতিবার (২০ জুলাই) হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা।
দীর্ঘ সময় বাংলাদেশ ১৯২ র্যাংকিংয়ে আটকে ছিল। উন্নতি হচ্ছিল না কিছুতেই। সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা। ফলে ৮ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। আগের রেটিং পয়েন্ট ছিল ৮৮৪। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯২.৪৪।