
দুবলারচরে বৃষ্টিতে ভিজে লাখ লাখ টাকার মাছ নষ্টঃ নিরাপদ আশ্রয়ে জেলেরা
শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : ঘূর্ণিঝড় মিধিলির ঝড়ো হাওয়ায় বঙ্গোপসাগরে ১৫/২০টি ফিশিংবোট নিখোঁজ রয়েছে । ব্যাপক বৃষ্টিতে দুবলারচরে লাখ লাখ টাকার মাছ ভিজে নষ্ট হয়েছে। সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে জেলেরা।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বলেন, ঘূর্ণিঝড় মিধিলির ঝড়ো হাওয়ায় দুবলারচরের জেলেরা সুন্দরবনের বিভিন্ন খালে নৌকা টলার নিয়ে নিরাপদ আশ্রয় রয়েছে। ব্যাপক বৃষ্টিতে দুবলার চরে লাখ লাখ টাকার মাছ ভিজে নষ্ট হয়েছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঝড়ো হাওয়ায় বঙ্গোপসাগর থেকে অনেক ফিশিংবোট উপকূলে ফিরে আসলেও পাথরঘাটা এলাকার ১৫/২০ টা ফিশিং বোটের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
শরণখোলা ফিশিং টলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের কারণে সাগরে মাছ ধরতে না পেরে তাদের অনেক বোট সুন্দরবন সহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডি এফ ও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, দুবলারচর অঞ্চলে বনরক্ষী ও জেলেরা নিরাপদ আশ্রয় রয়েছেন। জেলেদের বনবিভাগের ব্যারাক ও অফিসে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য বন রক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।