জন্মভূমি রিপোর্ট : খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ ছাত্রী বুধবার স্কুলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। একটি সূত্র থেকে বলা হয়েছে, বেলা দশটার দিকে প্রেয়ার ক্লাস চলাকালে অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে রাখায় এ ঘটনা ঘটে।
ঐ স্কুলের প্রধান শিক্ষিকা তৃপ্তি রাণী বিশ^াস জানান, স্কুলে আকষ্মিকভাবে জেলা মাধ্যমিক স্কুল শিক্ষা কর্মকর্তা পরিদর্শনে আসেন। এর আগে প্রেয়ার ক্লাসে ২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে ক্লাসে এসে আরও কয়েকজন অসুস্থ হয়।
উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল বলেন, স্কুলের ছাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা দেয়া হয়। প্রায় সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
জলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র মন্ডল জানান, স্কুলে প্রায় ৪০/৫০ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে। যাদের সমস্যা একটু বেশী তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া চলছে।
ডা. মিজানুর রহমান বলেন, বেলা এগারটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬/১৭ জন ছাত্রী চিকিৎসা নিতে আসেন। তাদের সকলের মধ্যেই হিস্টেরিয়ার লক্ষণ ছিল। কয়েকজনের শ^াসকষ্ট দেখা দেয়। ৬ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ৪ জনের অবস্থা একটু খারাপ মনে হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।
খুলনা জেলা মাধ্যমিক স্কুল শিক্ষা উপ-পরিচালক খন্দকার রুহুল আমীন বলেন, কেন্দ্র থেকে মাধ্যমিক স্কুল শিক্ষা পরিচালক প্রশিক্ষণ ড. প্রবীর ভট্রাচার্য এসেছিলেন। আমরা মিলে আকষ্মিকভাবে জলমা স্কুল পরিদর্শণে যাই। বেলা সাড়ে দশটার দিকে প্রেয়ার ক্লাসে হঠাৎ একটা ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও কয়েক জন। ধারণা করা হচ্ছে প্রেয়ার ক্লাসে অতিরিক্ত গরমের কারণে ছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে। পরে খোঁজ নিয়েছি তারা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছে।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম বলেন, সংবাদ পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। সেখানে ভর্তি ছাত্রীদের সাথে কথা বলি এবং তাদের সকলেও খোঁজ খবর নেয়ার চেষ্টা করি। তিনি বলেন, কি কারণে হঠাৎ ছাত্রীরা অসুস্থ হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত