
জন্মভূমি ডেস্ক : বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
এর আগে, দুপুরে বরিশাল নগরীর ২২নং ওয়ার্ডরে একটি নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার হন সৈয়দ ফয়জুল করিম। এ ঘটনায় তিনি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন। পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ পেয়েছি। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘অভিযোগ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে বলেছি।’
এদিকে, ফয়জুল করিমের ওপর হামলার খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। তবে, বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ তাদরে আটকে দেয়। পরে সড়ক বিক্ষোভ করেন তারা। একইভাবে, নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের সমর্থকেরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম, ‘লাঠিসোঁটা নিয়ে বরিশাল নগরীতে প্রবেশকালে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের আটকে দেওয়া হয়েছে। এছাড়া, শহরের সব প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’