
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে সকাল আটটায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। এদিন শোভাযাত্রা শেষে সকাল সাড়ে নয়টায় শহিদ হাদিস পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে বাংলাদেশ শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এবং প্রতœতত্ত্ব অধিদপ্তর যৌথভাবে দিবসটি উদযাপনে শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। ঐদিন খুলনা জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারসমূহে দেশীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন, শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জেল কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদির প্রদর্শনী, কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সুবিধাজনক সময়ে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বৈশাখের বিভিন্ন বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা, গল্পবলা, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ঐদিন খুলনা বিভাগীয় জাদুঘর সবার জন্য উন্মুক্ত রাখা হবে। ১৩ এপ্রিল দিবসটি উপলক্ষ্যে খুলনা শিববাড়ি মোড়, রেলওয়ে স্টেশন, শহিদ হাদিসপার্কসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জেলার ঐতিহ্য সম্বলিত আলপনা অঙ্কন করা হবে।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকল উপজেলা ও ইউনিয়নে স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি পালিত হবে।