
বাগেরহাট অফিস : বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় অনিক সুইটস নামের একটি মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবার দুপুরে শহরের রেল রোডস্থ ওই দোকানে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় প্রতিষ্ঠানের কর্মচারীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। স্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরি এবং ঢেকে রাখার জন্য বলা হয়।
পরে একই এলাকার ফুড গ্যালারী নামক একটি ফাস্টফুডের দোকানকে মেয়াদোত্তীর্ণ পাওরুটি এবং অনুমোদনহীন চায়না লবণ সংরক্ষণের অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরি এবং মিষ্টিতে পোকা পাওয়ায় এক মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ফাস্টফুডের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।