
বাগেরহাট অফিস : বাগেরহাটে দলীয় ঈদ পুনর্মিলনী থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে সরুইস্থ দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এদিকে শাহেদ আলী গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। তিনি বলেন, প্রতি বছরই ঈদ পুনর্মিলনী করা হয়। প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়ে ছিল। কিন্তু প্রশাসন অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করার জন্য চাপ দিচ্ছিলেন। নেতাকর্মীদের আসতে বাঁধা দেয়া হয়েছে। শাহেদ আলী রবিকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। অনুষ্ঠান থেকে ফেরার পথে কচুয়া উপজেলা শ্রমিকদল নেতা জাহাঙ্গীরকে মোটরসাইকেলসহ আটক করেছে।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের আটক ও মামলা দিয়ে বিএনপিকে দমীয়ে রাখা যাবে না। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখে পুলিশকে দিয়ে এভাবে হয়রানি করা হচ্ছে। অতিদ্রুত দলীয় নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একটি নাশকতা মামলায় শাহেদ আলী রবিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।