জন্মভূমি ডেস্ক : দেশের সাংবাদিক ও তাদের পরিবার নিয়ে কুরুচিপূর্ণ, বিদ্বেষপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বুধবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অবিলম্বে সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে ডিআরইউ নেতৃদ্বয় বলেন, বাফুফে সভাপতির মতো শীর্ষ পদে থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু সাংবাদিক সমাজ নয়, তাদের পরিবারকে জড়িয়ে এ বক্তব্য দেওয়ার পর বাফুফে সভাপতির মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষ আজ সন্দিহান। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। সব পেশার মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সামাজিক দায়িত্ব। আমরা অবিলম্বে কাজী সালাউদ্দিনকে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান করছি।
এদিকে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে অনানারি সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বুধবার সংস্থাটির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সালাউদ্দিনের এই সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বাফুফে কার্যনির্বাহী কমিটির সভা শেষে বোর্ড রুমে ঢোকার অনুমতি পান অপেক্ষারত ক্রীড়া সাংবাদিকদের উদ্দেশ্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘জার্নালিস্টরা এখানে (বাফুফেতে) ঢুকতে গেলে তাদের বাপ-মার ফটো দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে, জুতা পরা। ঠিক আছে? এটা হতে হবে মেন্ডটরি। এসময় বাফুফের শীর্ষ কর্তাদের প্রায় সবাই ছিলেন সভাকক্ষে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত