
তালা প্রতিনিধি : সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে যুক্ত হলো সাফল্যের নতুন এক পালক। দেশের অন্যতম সেরা ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২৬ শিক্ষাবর্ষে ক্রিকেট বিভাগে (বালিকা) দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার মেয়ে তাফশিরিন সুলতানা তুন্নি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেএসপির ক্রিকেট বিভাগ (বালিকা) ১২ জনের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, তাতে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এই অলরাউন্ডার। সাতক্ষীরার তালা উপজেলার মঙ্গলানন্দকাটি গ্রামের কৃষক শেখ আব্দুল হামিদ ও গৃহিনী পারভীন আক্তার দম্পতির ছোট মেয়ে তুন্নি। তুন্নির এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার ও স্থানীয় ক্রীড়াঙ্গন। তাঁর বড় বোন শিরিন সুলতানা মুন্নি জানান, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তুন্নির অন্যরকম টান ছিল। গ্রাম্য প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুন্নির পারফরম্যান্স দেখে প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম তাকে উন্নত প্রশিক্ষণের পরামর্শ দেন। সেই থেকে শুরু। এরপর সাতক্ষীরা শহরের সুন্দরবন ক্রিকেট একাডেমিতে কোচ জাহাঙ্গীর আলম স্বপনের তত্ত্বাবধানে নিজেকে গড়ে তোলেন তিনি। মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে কম ত্যাগ স্বীকার করতে হয়নি মা পারভীন আক্তারকে। গ্রাম ছেড়ে মেয়ের সঙ্গে সাতক্ষীরা শহরে এসে ভাড়া বাসায় থাকতে শুরু করেন তিনি। বর্তমানে তুন্নি সপ্তম শ্রেণিতে পড়ছেন। খেলাধুলার চাপে পড়াশোনার কিছুটা ব্যাঘাত ঘটলেও পরিবারের সমর্থনে সব সামলে নিচ্ছেন এই উদীয়মান ক্রিকেটার। তুন্নির ক্রিকেট কোচ স্বপন ও সুন্দরবন একাডেমির পরিচালক আলতাফ হোসেন জানান, তুন্নি ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই সমান পারদর্শী। বিকেএসপির উন্নত প্রশিক্ষণ তুন্নিকে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। তুন্নির বড় বোন মুন্নি বলেন, “আমার বোনটি একদিন জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে মাঠ মাতাবে এবং সাতক্ষীরার নাম বিশ্বজুড়ে উজ্জ্বল করবে—এটিই আমাদের একমাত্র চাওয়া। ওর সাফল্যের জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থী।”সাতক্ষীরার ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, তুন্নির এই সুযোগ প্রমাণ করে সাতক্ষীরা জেলা বরাবরই মেধাবী অ্যাথলেট তৈরির উর্বর ভূমি। বিকেএসপির সঠিক নির্দেশনায় তুন্নি হয়ে উঠতে পারেন আগামীর ক্রিকেটের বড় বিজ্ঞাপন।

