
জন্মভূমি ডেস্ক : আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি চুরি করার মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিবেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই ফ্লরিডায় পৌঁছে গিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
আদালতে হাজিরার আগে বিপাকে পড়লেন ট্রাম্প। রিপাবলিকান নেতার দুই শীর্ষ অ্যাটর্নি পদত্যাগ করেছেন। যোগ্য আইনজীবীকে হন্যে হয়ে খুঁজছে ট্রাম্পের আইন বিষয়ক পরামর্শদাতা দল।
সিএনএন জানিয়েছে, মঙ্গলবার আদালতে ট্রাম্পের হয়ে সওয়াল করতে পারেন তার অ্যাটর্নি টড ব্লাঞ্চ। তবে তিনি শেষ পর্যন্ত শুনানি করবেন কি না, তা স্পষ্ট নয়।
সিএনএনের প্রতিবেদন বলছে, ফ্লরিডার অনেক আইনজীবী নিজে থেকেই ট্রাম্প শিবিরের সঙ্গে যোগাযোগ করেছেন। গত শুক্রবার ট্রাম্পের দুই শীর্ষ অ্যাটর্নি জিম ট্রাস্টি এবং জন রাওলি ইস্তফা দেন। তারপর ব্লাঞ্চকে এই মামলায় আইনজীবী হিসাবে নিযুক্ত করার কথা জানান ট্রাম্প। শেষ পর্যন্ত মঙ্গলবার ট্রাম্পের হয়ে কোন আইনজীবী লড়বেন, তার ফল কী হয়, তা ভবিষ্যৎই বলবে।