
বিজ্ঞপ্তি : দলের সিদ্ধান্ত উপেক্ষা করে খুলনা সিটি নির্বাচনে অংশ নেয়ায় বেঈমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর আখ্যায়িত করে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হওয়া ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শমসের আলী মিন্টুর বাড়িতে দলের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে দাওয়াত খাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের দাওয়াত খাওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সকল ছবি পোস্ট করা গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাক্সক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার সামিল। নেতৃবৃন্দ বিবৃতিতে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে সামাজিকভাবে বয়কট হওয়া বেঈমানদের সাথে সকল সর্ম্পক ছিন্ন করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন অন্যথায় তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্চরণ করেন। বিএনপি সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তকে অমান্য করে কিছুসংখ্যাক নেতা-কর্মী ব্যক্তিস্বার্থ চিন্তা করে সিটি নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করে তারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে এমন অবজ্ঞার জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে শমসের আলী মিন্টুকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছে। ভবিষতে খুলনায় বহিস্কৃত সকল নেতা-কর্মীদের সামাজিকভাবে বয়কট করার আহবানসহ বিবৃতিদাতারা দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।