
জন্মভূমি ডেস্ক : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকায় গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন তাদের অভিভাবকরা।
আজ মঙ্গলবার (০১ আগস্ট) বিকেলে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলন ওই শিক্ষার্থীদের অভিভাবকরা এ দাবি করেন।
তারা বলেন, ‘আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে আমাদের সন্তানরা জড়িত নয়। আমরা পরিষ্কার ভাষায় বলছি, তারা সাধারণ শিক্ষার্থী মাত্র। কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে এমন ভয়ংকর মামলা সাজানো হলো, তা আমাদের বোধগম্য নয়।
গত রোববার সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওর এলাকা থেকে পুলিশ ৩৪ জন পর্যটককে আটক করে। তাদের মধ্যে ৩১ জন বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থী। এ ছাড়া দুই শিশু ও নৌকার রাঁধুনি রয়েছেন। পুলিশ বলছে, এরা ইসলামী ছাত্রশিবির কর্তৃক ‘মোটিভেটেড’, নাশকতার পরিকল্পনা করতে হাওরে এসেছিলেন।
পরে তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সোমবার তাদের আদালতে তোলা হলে বিচারিক ম্যাজিস্ট্রট মো. ফারহান সাদিক ৩২ জনকে জেলহাজতে পাঠান। দুজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।