জন্মভূমি রিপোর্ট : কেসিসি নির্বাচনে বিজয়ী হলে বেকারদের জন্য কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে কাজ করতে চান ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। বৃহস্পতিবার নগরীর দৌলতপুরের এক সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল বলেন, বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা নগরীর বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। যে কারণে প্রতিনিয়ত হাজারো বেকার যুবক নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। যুবকরা পাড়ায় পাড়ায় অবৈধ ব্যবসাসহ কিশোর গ্যাং তৈরি করে নানারকম অপরাধমূলক কর্মকান্ড করে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো বেকারত্ব। বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা যুবকদের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আব্দুল আউয়াল আরও বলেন, বিজয়ী হলে কর্মসংস্থান বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কার্যকর করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যা প্রতিটি নাগরিকের জন্য সুফল বয়ে আনবে। শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবশক্তির কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও কৃষি খামার গড়ে তোলার লক্ষ্যে উৎসাহ প্রদান ও নগর অর্থবিভাগ থেকে কর্যে হাসানাহ খাতের মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হবে। শিক্ষিত বেকার যুবকদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে আয়ের পথ সৃষ্টি করা হবে। এ সময় অবস্থার পরিবর্তনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মো. নাসির উদ্দিন, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, আবু গালিব, রবিউল ইসলাম তুষার, আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত