
জন্মভূমি ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে কমপক্ষে ৩০ জন আহত হন।
বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর-মহম্মদপুর সড়কের হাটখোলারচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে মাগুরার মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বোয়ালমারী উপজেলার হাটখোলারচর বটতলায় পৌঁছালে দ্রুতগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ড্রাম ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি কম্পিউটার এবং একটি ওষুধের দোকান ঘরের মধ্যে ঢুকে পড়ে। দুর্ঘটনায় উভয় যানের চালক, হেলপারসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে যাত্রীবাহী বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৯ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।’