জন্মভূমি ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল।
ভাঙ্গা থানার এসআই তাহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। বেলা পৌনে ১২টার দিকে ভাঙার মালিগ্রামে পৌঁছালে অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়। এ সময় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। সে আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের সাতযাত্রী মারা যান। আহত আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব-অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, ‘অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।’
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত