
জন্মভূমি ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে (মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে) বিয়েবাড়ির বাসে ভয়াবহ আগুন লেগে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন।
শুক্রবার (৩০ জুন) দিবাগত রাত ২টার দিকে বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন। মহারাষ্ট্রের ইয়াবত্মাল থেকে পুণে যাচ্ছিল বাসটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মহারাষ্ট্র সরকারের তরফে নিহতদের পরিবারকে পাঁচ লাখ করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল। তখনই বাসটিতে আগুন লেগে যায়। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। জ্বালানি ট্যাঙ্ক ফেটে যাওয়ার পর বাসটি একটি খুঁটিতে গিয়ে ধাক্কা মারে। এর ফলে বাসটি উল্টে যায়। ফলে ভেতরেই আটকা পড়ে যান বাসযাত্রীরা।
বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেন, ‘বাস থেকে কমপক্ষে ২৫ জনের মৃতদেহ বার করা হয়েছে। বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। অনেকে আহত হয়েছেন। আহতদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’