
বন্ধুর সমতা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
বিজ্ঞপ্তি : বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সমতা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অবজ্ঞা নয়, বরং তাদেরকে আদর, স্নেহ ও ভালোবাসা দিয়েই সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন। বিশেষ করে তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষদেরকে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে দূরে সরিয়ে দেয়া হলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হতে পারে। এজন্য এসডিজি বাস্তবায়নে অবশ্যই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে ইতিবাচক মনোভাব আনারও আহবান জানান বক্তারা। বৃহস্পতিবার সকালে নগরীর হোটেল গ্রান্ড প্লাসিডে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম।
প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে এবং ডেপুটি ম্যানেজার তামিমা নাসরিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক রমা রহমান, জেসমিন নাহার, এড. অশোক কুমার সাহা, জিএম রেজাউল ইসলাম, আল-ফারুক, মাহবুবুর রহমান মুন্না, লুৎফুর রহীম, এড. পপি ব্যানার্জি, শেখ মাহবুবুর রহমান, পাখি দত্ত প্রমুখ।
বক্তারা আরও বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদেরকে পিছিয়ে না রেখে বরং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ ও মূল শ্রোতের শিক্ষা দেয়া গেলে অবশ্যই তারা সমাজ পরিবর্তনে বলিষ্ট ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে এসব লোকদেরকে পারিবারিক ও সামাজিকভাবেই অবজ্ঞার হাত থেকে রক্ষা করতে হবে। যে কারণে বন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশন পাঁচ বছর মেয়াদের সমতা প্রকল্প নিয়ে দেশের আটটি বিভাগে কাজ শুরু করেছে। কেন্দ্রীয়ভাবে যেটি উদ্বোধন হয় বিগত জুন মাসে ঢাকায়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও প্রকল্পের কার্যক্রম শুরু হচ্ছে।
সভা শেষে কেক কেটে বন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমতা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।