
জন্মভূমি রিপোর্ট : ভৈরব নদে ভাসমান অবস্থা হতে ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে ৭ নং ঘাট সংলগ্ন মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক এলাকার জামে মসজিদের পাশ^বর্তী নদীর তীর থেকে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি নগ্ন অবস্থায় ছিল। লাশের বুকে, কপালে, হাটুতেসহ শরীরের বিভিন্ন স্থানে ধাঁরালো অস্ত্রাঘাতে জখমের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এর দুইটি টিম ঘটনাস্থলে পৌছায়। তারা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করেন। কিন্তু, মরদেহের আঙ্গুলে পচন ধরে রেখা ওঠে যাওয়ায় ভিকটিমের এনআইডি কার্ডের হদিস মিলিয়ে নাম-পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি।
খুলনা সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দীন দৈনিক জন্মভূমিকে বলেন, নদীতে লাশ ভাসতে দেখে জনৈক ব্যক্তি ৯৯৯ নাম্বারে ফোন করে অবহিত করেন। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নৌ পুলিশ, থানা পুলিশ, সিআইডি এবং পিবিআই কর্তৃপক্ষ পৃথক-পৃথকভাবে নিহত যুবকের পরিচয় উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে খালিশপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।