
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালী গ্রামে হেমায়েত মুন্সী নামে বৃদ্ধ এক কৃষকের পরিবারের লোকদের মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানাভাবে হয়রানির অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ চাচাতো ভাই রুস্তুম মুন্সীর বিরুদ্ধে। কৃষক হেমায়েত মুন্সী উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আতাহার আলী মুন্সীর পুত্র ও প্রতিপক্ষ রুস্তুম মুন্সী একই গ্রামের মৃত আফজাল মুন্সীর পুত্র।
ভুক্তভোগী হেমায়েত মুন্সী অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাই রুস্তুম দাদা এরমান আলী মুন্সীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হতে নয় শতক জমি ভোগ দখলে বেশি রেখে উল্টো আমাকেসহ আমার ছেলে নাসির মুন্সী, ভাতিজা শাহ আলম মুন্সী ও নুর ইসলাম মুন্সীর বিরুদ্ধে সম্প্রতি আদালতে মিথ্যা গাছ কাটা মামলা দায়ের করে। ওই মামলায় যে ঘটনা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় সালিশদারগণ জমির পরিমাপ করলে রুস্তমের ভোগ দখলে নয় শতক জমি বেশি পাওয়া যায়। রুস্তম ওই জমি ছাড়বেনা বিধায় উল্টো মামলা দিয়ে হয়রানি করে আমাদের চাপে রাখতেছে। এমনকি তারা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়েও যাচ্ছে।
এ বিষয় প্রতিপক্ষ রুস্তম মুন্সী বলেন, মাত্র একটি খতিয়ানের জমি পরিমাপ হয়েছে। তাতে দুই শতক জমি বেশি থাকলেও এখনো ৩-৪টি খতিয়ানের জমি পরিমাপ হয়নি এবং একটি দলিলে ত্রুটি থাকায় ওই খতিয়ানগুলোতে পরবর্তীতে পরিমাপ করা হবে।