
জন্মভূমি ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন। এসময় মঠবাড়িয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রায় সহাস্রাধিক লোক উপস্থিত ছিল। ইসালিমক ফাউন্ডেশন মঠবাড়িয়া অফিস সূত্রে জানাগেছে, তিনতলা বিশিষ্ট এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিচ তলায় রয়েছে ইমাম ও প্রতিবন্ধী প্রশিক্ষণ রুম। মৃত লোক গোসলের ব্যবস্থা ও গাড়ি পার্কিং সুবিধা। দ্বিতীয় তলায় নামাজের স্থান এবং সামনের অংশে জানাজা নামাজের ব্যবস্থা। এছাড়া অফিস রুম, কনফারেন্স রুম, দুইটি গেস্ট রুম, ওযু ও গোসল খানা এবং তৃতীয় তলার একাংশে পুরুষ ও অপরাংশে নারীদের নামাজের ব্যবস্থা। তাছাড়া রিসোর্স রুম ও অফিস রুমসহ ইমাম, মুয়াজ্জিান ও খাদেমের থাকার ব্যবস্থা। এদিকে মডেল মসজিদটি উদ্বোধনের পরেই বিলুপ্ত হয়ে যাবে মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের নাম। শত বছরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের ভবন ভেঙ্গে সেখানেই নির্মাণ করা হয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। যার কারণে আর থাকছে না মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ নামে কোন মসজিদ। সাথে সাথে চাকুরি হারাচ্ছেন কেন্দ্রীয় জামে মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ। অপর দিকে সরকারি নিয়মানুযায়ী গঠিত হবে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি। স্থানীয় সংসদ সদস্য হবেন কমিটির প্রধান উপদেষ্টা এবং উপজেলা চেয়ারম্যান উপদেষ্টা। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজর হবেন সদস্য সচিব। এছাড়া সদস্য হিসেবে থাকবেন পৌরসভার মেয়র, থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকৌশলী, স্থানীয় একটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, জমিদাতা, মসজিদের ইমাম ও একজন নিয়মিত মুসল্লী।
ইসালিমক ফাউন্ডেশন মঠবাড়িয়া অফিসের ফিল্ড সুপারভাইজর মোঃ ওমর ফারুক জানান, ইতোমধ্যে মসজিদে একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও দুইজন খাদেম নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো জনবল নিয়োগ দেয়া হবে।