
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার ৩ টি আসনের দুইটিতে বিএনপির ধানের শীষ প্রার্থী বিজয়ী এবং একটিতে ১১ দলীয় ইসলামী জোটের বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী বিজয়ী হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
গতরাত ১ টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন।
জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর উপজেলা নিয়ে গঠিত) সংসদীয় আসনে ১১ দলীয় ইসলামী জোটের বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকের প্রার্থী পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯ শত ০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার চৌধুরী ৬৪ হাজার ৫ শত ২৪ ভোট পেয়েছেন।
এছাড়া মাদারীপুর-১ আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,০০,৭৯৭ টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৫, ৪১৮ টি।
এদিকে মাদারীপুর-২ (রাজৈর উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭ শত ৪৪ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ৪৬ হাজার ৪ শত ৭৬ ভোট পেয়েছেন।
এছাড়া মাদারীপুর-২ আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮৮,৩১৭ টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৭, ৯১১ টি।
অপরদিকে মাদারীপুর-৩ আসন (কালকিনি, ডাসার ও সদরের একাংশ নিয়ে গঠিত) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুর রহমান তালুকদার ৯৭ হাজার ২ শত ২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ১১ দলীয় ইসলামী জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের রফিকুল ইসলাম মৃধা ৮৭ হাজার ৩ শত ৩১ ভোট পেয়েছেন।
অপরদিকে মাদারীপুর-৩ আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১, ১০,৮৫৯ টি এবং ‘না’ ভোট পড়েছে ৭০,০৫৮ টি।
মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের নতুন নির্বাচিত তিনজন সংসদ সদস্যই প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের নতুন নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আমি শিবচরকে একটি মাদক ও চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। এটাই আমার প্রধান অঙ্গীকার। পাশাপাশি আধুনিক শিবচর গড়ে তুলতে যা যা করার প্রয়োজন আমি তাই করব। এদিকে মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেন, ‘মাদারীপুর ও রাজৈর উপজেলাকে আমি মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত একটি এলাকা গড়ে তুলবো। এই এলাকায় সবাই আমরা মিলেমিশে শান্তিতে বসবাসযোগ্য করে গড়ে তুলবো।
অপরদিকে মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন, ‘আমার নির্বাচনী এলাকাকে একটি শিল্পনগরী এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। মাদারীপুর ও কালকিনিতে শিল্প কলকারাখানা গড়ে তুলে বেকার সমস্যার সমাধান করার সর্বচ্চ চেষ্টা আমি করে যাবো। এবং শিক্ষাক্ষেত্রেও আমরা উল্লেখযোগ্য অবদান রাখতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়ে তুলবো।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুরে তিনটি সংসদীয় আসনে বেসরকারি ভাবে সাইদ উদ্দিন আহমাদ হানজালা, জাহান্দার আলী মিয়া ও আনিসুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন। খুব শীঘ্রই সংসদ সদস্য হিসেবে তাদের নাম গেজেটভুক্ত হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত