
জন্মভূমি ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি এক নারী পিএইচডি গবেষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) সেরি কেমবাঙ্গানের সারডাং পেরদানায় তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার হয়।
সারডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবালাগান জানান, পুলিশ বৃহস্পতিবার বিকেল ৩টা ৬ মিনিটে একজন ব্যক্তির কাছ থেকে ওই নারীর বিষয়ে একটি ফোন পান। তার স্বামী ৩৪ বছর বয়সী বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার আগে ভিকটিম ও তার বন্ধুরা একটি ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি চলাকালীন ওই নারীকে কিছুটা বিষন্ন দেখাচ্ছিল।
আনবালাগান আরও বলেন, ওই নারী তার এক বন্ধুকে জানিয়েছিলেন, তিনি নিজ শহরে ফিরে যেতে আগ্রহী নন। তার মা বেঁচে নেই। বাংলাদেশে তার বাবা ও স্বামী রয়েছেন। ব্যক্তিগত কারণে দেশে ফিরে যেতে অসন্তুষ্ট ছিলেন।
তবে সারডাং হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। মামলাটি আকস্মিক মৃত্যু (এসডিআর) হিসাবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আনবালাগান। তদন্তের স্বার্থে ওই নারীর নাম পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ।