খুলনায় নির্বাচনী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেছেন, যাদের কারণে মিল-কলকারখানা বন্ধ হয়েছে, জনগণ এবার তাদের লাল কার্ড দেখাবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দৌলতপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন দৌলতপুর থানা সভাপতি মো. সরোয়ার হোসেন বন্দ এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. আলফাত হোসেন লিটন।
আব্দুল আউয়াল বলেন, খুলনার শিল্পকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলটি শিল্পনগরী থেকে মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এসব মিল-কারখানা বন্ধ হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে বন্ধ মিল-কারখানা পুনরায় চালু করা হবে। এতে বেকারত্ব কমবে এবং মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আসবে বলে তিনি উল্লেখ করেন।
ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম, সমন্বয়কারী মো. আবু গালিব, মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. তারিকুল ইসলাম কাবিরসহ স্থানীয় নেতারা।
এর আগে বিকাল ৩টায় খালিশপুর পিপল চত্বরে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফ এবং পরিচালনা করেন বাদশা খান। পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত