
বাগেরহাট অফিস : নাশকতার মামলায় মোংলায় জামায়াত-শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার গোয়ালেরমেঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করেছেন পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা বন্দর ও ইপিজেডসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও সরকার উৎখাতের পায়তারার অভিযোগে সক্রিয় চার জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকার বিরোধী ষড়যন্ত্রের সময় হাতেনাতে তাদেরকে গ্রেফতার করেছেন পুলিশ। এ মামলায় ১৩জনের নাম উল্লেখসহ ৪০/৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।
আটককৃতরা হলেন, মিঠাখালীর সাহেবেরমেঠের মাওলানা হোসেন বিল্লাহ (৪৫), মোঃ উজ্জল গাজী (২২), গোয়ালেরমেঠের আঃ মাজেদ মোল্লা (৪৮) ও আবু তালহা শান্ত (২২)। এ সময় তাদের কাছ থেকে ৩টি লোহার রড, ৮টি বাঁশের লাঠি, ২লিটার পেট্টোল ও দিয়াশলাই ২বক্স জব্দ করা হয়।