
ডেস্ক রিপোর্ট : দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা সমুদ্র বন্দর–এ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ সময়ে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মাধ্যমে ২১ হাজার ৬৫১ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মোট কন্টেইনার হ্যান্ডলিং ছিল ২১ হাজার ৪৫৬ টিইইউস।
জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সাত মাসে বন্দরে মোট ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে। এ সময়ে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ০৩ শতাংশ বেশি।
থর, ভুট্টা, তৈলবীজ, এলপিজিসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানির পাশাপাশি এ বন্দর দিয়ে সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড়সহ বিভিন্ন দেশীয় পণ্য রপ্তানি হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান জানান, অর্থবছরের এখনো পাঁচ মাস বাকি থাকলেও ইতোমধ্যে গত বছরের মোট কন্টেইনার হ্যান্ডলিং ছাড়িয়ে গেছে বন্দর।
এদিকে বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2 ও HP-3 নামে তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ ঘোষণা করা হয়েছে। পরীক্ষামূলকভাবে এসব বার্থে ৯ দশমিক ০০ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে অপারেশন সম্পন্ন করেছে। এখন থেকে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার ড্রাফটের জাহাজ এসব বার্থে কার্গো অপারেশন করতে পারবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সরকারের অধীনে বন্দর কার্যক্রম আরও গতিশীল হবে এবং আমদানি-রপ্তানি বৃদ্ধি পেয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত