
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ কৃষক মো. আকবর আলী শেখ (৬৬)কে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার মোরেলগঞ্জ থানায় আকবরের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের বৃদ্ধ আকবর আলী শেখকে গত শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষ সামছুর রহমানের ছেলে রবিউল শেখসহ ৩/৪ জনের একটি সংঘবদ্ধ দল এলোপাতাড়ি মারপিট করে বৃদ্ধকে গুরুত্বর আহত করে। এ সময় তার চিৎকারে লোকজন এসে অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতের স্ত্রী তাছলিমা বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার স্বামীকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে তার মুখের দুটি দাঁত ফেলে দেয়। হামলাকারিরা এলাকায় প্রভাবশালী দুর্দান্ত। কিছুদিন পূর্বে তার দেবরকেও মারপিট করেছে একই ব্যক্তিরা।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, সোনাখালীর মারপিটের একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ববস্থা গ্রহণ করা হবে।