
যশোর অফিস : যশোর সদর উপজেলার ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বাওড় পাড় থেকে আব্দুর রহিম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের দেয়া তথ্য মতে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, গত বৃহষ্পতিবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। নিহত আব্দুর রহিম পার্শ্ববর্তী ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বারেক লস্করের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আব্দুর রহিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। বৃহষ্পতিবার রাতে ১১টার দিকে তিনি প্রতিবেশী আব্দুল হাই, ইস্রাফিলকে সাথে নিয়ে কয়েতখালী বিলে মাছ ধরতে যান। এসময় ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনজন তিন দিকে দৌড় দেন। আব্দুল হাই ও ইস্রাফিল নিজ বাড়িতে ফিরলেও আব্দুর রহিম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে আড়পাড়া বাওড় পাড়ে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন সাংবাদিকদের জানান, দুর্বৃত্তদের ধাওয়ার পর আব্দুর রহিমের মরদেহ পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড না অন্য কিছু তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত