
যশোর অফিস : যশোরে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এছাড়া এ মামলার অপর আসামি ঝিকরগাছা উপজেলার পঞ্চনগর গ্রামের মৃত শেখ ওয়াদুদের ছেলে শেখ সুমনকে খালাশ প্রদান করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ অক্টোবর সকালে যশোরের ডিবি পুলিশের কাছে খবর আসে যশোর সদর উপজেলার যশোর বেনাপোল মহাসড়ক দিয়ে একটি ট্রাক বিপুল পরিমাণ মাদক নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। তাৎক্ষনিক ডিবির একটি টিম ছোট মেঘলা গাজীর দরগাহ ফিলি স্টেশনের সামনে অবস্থান নেন। কিছুসময় পর একটি ট্রাক ওই রাস্তাদিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পরে তাদের দুইজনকে আটক করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করে। যরে তারা স্বীকার করে ট্রাকে মাদক রয়েছে। পরে ট্রাকের কেবিনেটে বিশেষ কায়দায় লুকানো থাকা ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম ৩০ লাখ টাকা। এ ঘটনায় এসআই খাইরুল আলম বাদী হয়ে কোতোয়ালি থানা মামলা করেন। মামলাটি তদন্ত করে সেকেন্দার আবু জাফর দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ সোমবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক এ সাজা প্রদান করেন। একই সাথে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

