
যশোর অফিস : স্ত্রীকে হত্যার দায়ে যশোরে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার স্পেশাল জজ(জেলা জজ) মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদ মোড়ল শার্শা উপজেলার খাজুরা পশ্চিমপাড়ার মৃত জয়নুদ্দীন মোড়লের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৯ জানুয়ারি দুপুর তিনটায় আব্দুল হামিদের সাথে তার স্ত্রী আমেনা বেগমের সাথে ঝগড়া হয়। কথাকাটাকাটির একপর্যায় হামিদ ঘরে থাকা কাঠকাটা দা দিয়ে আমেনার গলায় ও বাম হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে। তাৎক্ষণিক আমেনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২০১১ সালের ১ ফেব্রুয়ারি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন মোডল তার মাকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১১ সালের ২৮ জুন আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার এসআই এসএম আজিজুর রহমান। সর্বশেষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার এ মামলার রায় ঘোষণার দিনে আসামিকে এ সাজা প্রদান করে আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়ছে।