
যশোর অফিস : জায়গা জমি নিয়ে পূর্বের শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে বাড়িতে ঢুকে গালিগালাজ করলে প্রতিবাদ করায় এক পরিবারের পিতা, মাতা দুই ভাইকে কুপিয়ে পিটিয়ে জখম করে নগদ ১লাখ ১৫ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় এ ঘটনায় পুরুষ নারীসহ ৭ জনের নাম উল্লেখসহ তাদের অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে মামলাটি করেন সদর উপজেলার চানপাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্যার ছেলে রমজান আলী। মামলায় আসামি করেন প্রতিবেশী সন্ত্রাসী আব্দুস ছাত্তারের ছেলে সাদ্দাম হোসেন, সহোদর শাকিল হোসেন, সাব্বির হোসেন, মৃত আলী বক্সের ছেলে আব্দুস ছাত্তার, মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল হক, আব্দুল হকের মেয়ে রেখা খাতুন, আব্দুস ছাত্তারের স্ত্রী রেহেনাসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
মামলায় উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তার পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়ে আসছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মামলার আসামিসহ অজ্ঞাতনামা ৪/৫জন সন্ত্রাসী গাছী দা, হাসুয়া, কুড়াল, লোহার রড, বাঁশের লাঠি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ করে তাকে ও তার পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পিতা আব্দুল লতিফ প্রতিবাদ করলে সাদ্দাম হোসেন হাসুয়া দিয়ে খুনের উদ্দেশ্যে কোপ মারলে গুরুতর আহত হয়। পিতা মাটিতে পড়ে গেলে সাদ্দাম হোসেন পুনরায় হাসুয়া দিয়ে ডান পায়ের হাটুর নিচে কুপিয়ে আহত করে। সে ও তার ভাই শিমুল এগিয়ে আসলে সকল আসামিরা তাকে ও ভাই শিমুলকে বাঁশের লাঠি, লোহার রড, শাবল দিয়ে এলোপাতাড়ী মারপিট করে। শিমুলের প্যান্টের ডান পকেটে থাকা রেডমি মোবাইল ফোন যার মূল্য ৩০ হাজার টাকা ও তার প্যান্টের পকেটে থাকা ইট ক্রয়ের নগদ ১লাখ ৩হাজার টাকা ও সিমফোনি মোবাইল ফোন যার মূল্য ৯ হাজার টাকা ও নগদ ১১ হাজার টাকা সাব্বির নিয়ে যায়। মাতা আমেনা বেগম এগিয়ে আসলে তাকেও মারপিট করতে থাকে। পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে খুনের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় পিতা আব্দুল লতিফ, ভাই শিমুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত