
জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে বিএনপির ৮নেতা-কর্মীকে গ্রেফতার করেছেন। বুধবার রাতভর রামপালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির এসকল নেতা-কর্মীদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৭জুলাই) সকালে আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়েরের পর দুপুরেই তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন পুলিশ।
এদিকে ঢাকার সমাবেশকে ঘিরে রামপালে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, কোন প্রকার গ্রেফতারী পরোয়ানা ছাড়াই অহেতুক হয়রানীমূলক মিথ্যা নাশকতার মামলা দিয়ে তার দলের নেতা-কর্মীদেরকে গ্রেফতার করেছেন রামপাল থানা পুলিশ। এখনও পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। বিএনপি নেতা-কর্মীদের দমন করতেই পুলিশ অবৈধভাবে গ্রেফতার অভিযান চালাচ্ছেন। তিনি পুলিশের এ অবৈধ কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন। তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে পু্লিশ জনগণের সেবায় তাদের সর্বোচ্চ পেশাধারীত্বের পরিচয় দিবেন। কিন্তু সেটি না করে তারা আওয়ামী লীগ সরকারকে অনিয়মতান্ত্রিকভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। সাংবিধানিকতায় নিরপেক্ষভাবে পু্লিশ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি এবং অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবী জানাচ্ছি।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলম বলেন, বুধবার আটক বিএনপি নেতা-কর্মীদেরকে নাশকতার মামলায় বৃহস্পতিবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আপাতত অভিযান না চললেও এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।