
জন্মভূমি রিপোর্ট : রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জে কে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান উপলক্ষে স্কুলে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছিল।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা গজল, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ বক্তৃতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম ছায়েদুর রহমান, বিএম কলেজের সহকারী অধ্যাপক মোঃ অহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ার-উল কুদ্দুস, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল অনুষ্ঠান পরিচালনা করেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নতুন প্রজন্ম। আগামী দিনে দেশের কর্ণধার হবে। সেই লক্ষ্যে মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। বিদ্যালয়টি উপজেলার মধ্যে প্রথম শ্রেণীর স্কুল হওয়ার গৌরব অর্জন করেছে। অর্জিত সুনাম অটুট রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলা-ধুলা, নাচ, গান ও অন্যান্য সহঃ শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার জন্য বক্তারা শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
গত ১৮ জানুয়ারি থেকে বিদ্যালয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তখন লম্বা লাফ, দড়ি লাফ, বর্ষা নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে প্রায় ২শ’ ছাত্রী অংশ নেন। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে বিকেল ৪ টায় পুরষ্কার বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

