
হজমের সমস্যায় ভোগেন না এমন মানুষ কমই আছেন। ভোজনরসিক বাঙালিদের বেশিরভাগই পেটের রোগে ভোগেন। একটু বেশি খেয়ে ফেললে কিংবা তেল-মসলাযুক্ত খাবার খেলেই হজমের সমস্যায় পড়েন অনেকে। সকালে ঘুম থেকে উঠেই পেট ফুলে থাকে, গ্যাস্ট্রিকের যন্ত্রণা সঙ্গী হয়।
হজমজনিত সমস্যা থেকে বাঁচতে বেশিরভাগ ভরসা করেন ওষুধের ওপর। তবে চিকিৎসকরা অতিরিক্ত ওষুধ খেতে বারণ করছেন। চিকিৎসকদের মতে, খুব বেশি ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়লে একটা সময়ে ওষুধ ছাড়া হজম করাই মুশকিল হয়ে পড়বে। এছাড়া ঘন ঘন অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন নানা সমস্যা ডেকে আনতে পারে। তাই জীবনযাপনে সংযম আনতেই হবে।
গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে রোজ সকাল সকাল পানি খাওয়ার অভ্যাস রপ্ত করতে হবে। তাহলে সারা দিন শরীর তরতাজা থাকবে, গ্যাসের সমস্যাও কমবে।
চিকিৎসকদের মতে, সকালে উঠে প্রথমেই পানি খেলে পেট ফাঁপার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। খালিপেটে পানি খেলে, গরম হোক বা ঠান্ডা, তা অন্ত্রের কার্যকারিতা খানিক বাড়িয়ে তোলে। মল নরম করতে সাহায্য করে।
সকালে খালি পেটে পানি খেলে তা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সকে উদ্দীপিত করে তোলে। ফলে অন্ত্রের গতিশীলতা এবং অন্ত্রের সংকোচন বৃদ্ধি পায়। হজমে সাহায্যকারী উৎসেচকগুলির নিঃসরণও বৃদ্ধি পায়। সামগ্রিকভাবে পুরো হজম প্রক্রিয়া তরান্বিত হয় সকালে পানি খেলে।

