
ডেস্ক রিপোর্ট : রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই তুরস্ক সরকার মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে আসছে।
তিনি বলেন ‘গত ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে আছে।’
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নেকমেতিন বিলাল এরদোয়ান এ তথ্য জানান।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানে একদিনের সফরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারের পৌঁছায় তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে তার সফরসঙ্গী রয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
এ সময় কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ এন এম. সাজেদুর রহমান।
এরপর প্রতিনিধি দলটি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভা শেষে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে রওনা দেন।
প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা (টিআইকেএ) পরিচালিত মাল্টিপারপোজ অ্যাডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণের কথা রয়েছে।
ফুটবল ম্যাচ শেষে তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।
একদিনের এই সরকারি সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।
প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।
রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কক্সবাজার থেকে রাতেই বিমানে ঢাকায় রওনা দেয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্টপুত্রের।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত