মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া (নড়াইল) : নড়াইল জেলা পুলিশের তৎপরতায় এক মাসের মধ্যে বহুল আলোচিত সুফল বিশ্বাস (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী তমাল শিকদারকে (২২) পুলিশ গ্রেফতার করেছে।
আসামী তমাল শিকদার নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রোস্তম শিকদারের ছোট ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে , বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ব্রীজের নিচ থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্থানীয় পুলিশের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এস আই অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বহুল আলোচিত সুফল বিশ্বাস হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি তমাল শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামি তমাল শিকদার বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুফল বিশ্বাস জমির কাটা পাট নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সুফল বিশ্বাস প্রতিবেশী সুভাষ বিশ্বাসের জমির ওপর পৌঁছালে রুস্তম শিকদারের বড় ছেলে রুবেল শিকদার ও ছোট ছেলে তমাল শিকদারসহ ৩/৪ জনের একদল দূর্বৃত্ত তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল বিশ্বাস মারা যায়।
এ দিকে হত্যাকাণ্ডের ১ দিন পর শনিবার (১৯ আগস্ট) নিহত সুফল বিশ্বাসের স্ত্রী সোনা রানী বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে সুফল বিশ্বাস হত্যা মামলার এজাহার নামিয় ৪ জন আসামির মধ্যে ৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বহুল আলোচিত সুফল বিশ্বাস হত্যা মামলায় ৪ জন আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী ১ জন আসামিকে গ্রেফতার করতে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষ টিম কাজ করছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত