
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ভারি ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার সর্বশেষ দফার এই হামলা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো চালিয়েছে বলে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে।
আইআরজিসি বলেছে, এই হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানসহ পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ইউনিটও রয়েছে।
হামলায় কুয়েতের ঘাঁটিতে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, পূর্ণ শক্তির ব্যবহার করে ইরানের শত্রুদের বিরুদ্ধে এই ধরনের হামলা অব্যাহত থাকবে।
একই দিনে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুওয়াইন শহরে ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএম জানিয়েছে।
এর আগে আমিরাতের ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে দেশটিতে অন্তত একজন নিহত হয়েছেন।
বাহরাইনের সামরিক বাহিনী বলেছে, যুদ্ধ চলাকালীন বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরান থেকে ছোড়া ১৮৬টি ক্ষেপণাস্ত্র এবং ৪১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ‘সন্দেহজনক বস্তু’ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ধ্বংসাবশেষ পড়ে থাকা স্থানের ছবি তোলা থেকে বিরত থাকতেও অনুরোধ করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত